শপথ নিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণেন নবনির্বাচিত দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও, শপথ নেন দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ কাউন্সিলরও। সেখানে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তবে দায়িত্ব পেতে মেয়র ও কাউন্সিলরদের অপেক্ষা করতে হবে ১৬ মে পর্যন্ত।

সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনের মেয়াদ পাঁচ বছর। নির্বাচন হওয়ার পর করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে শুরু এ দায়িত্বের। এতে নতুন বোর্ডসভা পর্যন্ত অপেক্ষা করতে হবে নবনির্বাচিত কাউন্সিলরদের। দুই সিটিতেই বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে।
উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় এখন ডিএনসিসির মেয়রের দায়িত্বে আছেন কাউন্সিলর জামাল মোস্তফা। অন্যদিকে দক্ষিণে মেয়াদ পূর্ণ করছেন মেয়র সাঈদ খোকন।
গত ১’লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























