পরিবহন শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে মানহানির মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গতকাল (বুধবার) মানহানির মামলা করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আজ (বৃহস্পতিবার) ঢাকার যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য শুনানি শেষে এই আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ৮ ডিসেম্বর পরিবহন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তার পরিবারের সদস্য এবং সংগঠন নিয়ে মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরব। তার ওই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। শাজাহান খানের এমন মন্তব্যকে উদ্ভট, বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তবে শাজাহান খান তার বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা না করায় ইলিয়াস কাঞ্চন এবার আইনি পদক্ষেপ নিয়েছেন।

আরও জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। ওই ধর্মঘটে বিবাদীর (শাজাহান খান) প্ররোচণায় শ্রমিকরা ব্যানার টানিয়ে বাদীর (ইলিয়াস কাঞ্চন) কুশপুত্তলিকা তৈরি করে ও জুতার মালা দিয়ে হেয় প্রতিপন্ন করে। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বাদীর ১০০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে বাদী আদালতে এ মামলা করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে