ঢাকা, উত্তরা ও ৫ জেলার অভিজাত ১৩ ক্লাবসহ সারাদেশে সব ধরনের জুয়ার আয়োজন নিষিদ্ধ করেছে হাইকোর্ট। পাশাপাশি দেশের কোথাও জুয়ার উপকরণ পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে তা জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এই রায় দেন। ১৩ ক্লাব হলো, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

আদালত বলেছেন, ঢাকা মহানগর ও মহানগরের বাইরে থ্রি কার্ড, ফ্লাস, হাউজি, নিপুণ খেলার আয়োজন করা অপরাধ। আদালত বলেছেন, লটারি ছাড়া হাউজি, ডাইস, ওয়ান টেন, চরচরির মতো অন্যান্য খেলা দক্ষতার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করে। আইনে এগুলো নিষেধ আছে। এ ধরনের খেলার অনুমতি, আয়োজন করা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হলো। এ ছাড়া এসব খেলার ইলেকট্রনিক ও অন্য সরঞ্জামাদি জব্দ করতে বলা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতিও নির্দেশ দেয়া হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত ক্লাবে ইনডোর গেইমের নামে ডাইস ও হাউজি খেলার বেআইনি ব্যবসার আয়োজন চ্যালেঞ্জ করে মোহাম্মদ সামিউল হক ও রুকন উদ্দিন মো. ফারুক নামে দুই আইনজীবী ২০১৬ সালের ডিসেম্বরে হাইকোর্টে এই রিট আবেদন করেন।
সোমবার সেই রায়ে রুলটি যথাযথ ঘোষণা করে ক্লাবগুলোতে টাকার বিনিময়ে খেলার আয়োজনের সুযোগ বন্ধ হয়ে যায়। রিট আবেদনে বলা হয়, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনও প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তাই এগুলো বন্ধ হওয়া জরুরি।

পাশাপাশি এসব ক্লাবে বেআইনিভাবে হাউজি, কার্ড ও ডাইস খেলার ব্যবসার আয়োজন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, খুলনা মহানগর, সিলেট মহানগরের পুলিশ কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকদের আদালতের এ আদেশ পালন করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

কিন্তু ঢাকা ক্লাব কর্তৃপক্ষের লিভ টু আপিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের ওই নিষেধাজ্ঞা স্থগিত করে হাই কোর্টে রুল নিষ্পত্তির আদেশ দেয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে গত ২৩ জানুয়ারি রুল শুনানি শেষে বিষয়টি ২৮ জানুয়ারি রায়ের জন্য রাখা হলেও তা পিছিয়ে যায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে