ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে ঘোষিত ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম।শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিকাল পৌনে ৫টা থেকে শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।

এর মধ্যে ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, আর তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। ঢাকা দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এগুলোর ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।ঢাকা দক্ষিণে মোট ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।ঢাকা উত্তর সিটিতে এখন পর্যন্ত ৪৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৮১৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ ভোট।

ঢাকা উত্তরে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি। এর আওতায় ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।এদিকে, ঢাকা উত্তরে মোট ভোটার রয়েছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে