‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগানে পর্দা উঠল সিনেমা প্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এ চলচ্চিত্র উৎসবের ২৫ বছর বা রজতজয়ন্তী পূর্ণ হলো এবার। আয়োজনটি উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র নিয়ে এবারের আয়োজন পেয়েছে ব্যাপকতা।তবে উৎসবের প্রক্ষেপণ ব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় প্রত্যাহার করা হয়েছে মাটির প্রজার দেশে সিনেমার প্রদর্শন। আয়োজকরা বলছেন, ছবিটি প্রদর্শন না করার সিদ্ধান্ত হতাশার।
আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে বিজন ইমতিয়াজ পরিচালিত ছবি ‘মাটির প্রজার দেশে’। কথা ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৩ জানুয়ারি হবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। তবে শেষ মুহুর্তে এসে দুর্বল প্রক্ষেপণ ব্যবস্থাকে দায়ী করে ছবিটি প্রত্যাহার করেন পরিচালক।
উৎসবের অন্যতম উপদেষ্টা মফিদুল হক বললেন অনেক সীমাবদ্ধতার মধ্যেও দেশের মাটিতে যেখানে এমন আন্তর্জাতিক উৎসব আয়োজন করাই কঠিন সেখানে শুধুমাত্র প্রক্ষেপণ ব্যবস্থার কথা বলে ছবি প্রত্যাহার করে নেয়া হতাশার। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চদশ আসর এটি। ছবি ও অংশগ্রহন করা দেশের সংখ্যার হিসাবে এটিই এদেশের সব থেকে বড় চলচ্চিত্র উৎসব। তাই প্রশ্ন উঠেছে এদেশের চলচ্চিত্র উৎসব গুলোর মান নিয়ে। এদিকে চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান মনে করেন উৎসবের প্রদর্শন ব্যবস্থা আন্তর্জাতিক মানের না হলেও ছবিটি প্রদর্শন করা যেতে পারত। সেই সঙ্গে ভালো একটি উৎসব আয়োজনে চাইলেন সরকারের পদক্ষেপ।
উৎসব আয়োজক ও মাটির প্রজার দেশের ছবির সংশ্লিষ্টদের মাঝে মতোবিভেদ থাকলেও দুপক্ষই চায় দেশের বৃহত্তম এ চলচ্চিত্র উৎসব যেনো আয়োজিত হয় আন্তর্জাতিক মান মাথায় রেখে।
বিনোদন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























