মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময়, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর করে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি করেন। গত ১২ই ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয়।
সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানায় তারা। এছাড়া পত্রিকাটির সম্পাদককে টিভি ক্যামেরার সামনে ক্ষমা চাওয়ানো হয়। এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। পরে, তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























