জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী মিম ও রাজীব নিহতের ঘটনায় বাসচালক মাসুম বিল্লাহ ও জুবায়ের হোসেন এবং সহকারী কাজী আসাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। বাস মালিক জাহাঙ্গীর হোসেন ও আরেক সহকারী এনায়েত হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার আরেক আসামি বাসমালিক শাহাদাৎ হোসেনের ক্ষেত্রে মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় তাকে বাদ দিয়ে বাকী ৫ জনের রায় সম্পন্ন হয়।
এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩৭ জন। গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রাণ হারান শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম। দুর্ঘটনার দিনই নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

এর আগে, গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এতে অভিযোগ প্রমাণ হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষের আশা আসামিদের সর্বোচ্চ সাজা হবে। সর্বোচ্চ শাস্তির আশা করছেন মিম-রাজীবের স্বজনরাও।
তবে অভিযোগ প্রমাণ হয়নি বলে দাবি করছেন আসামিপক্ষের আইনজীবী। মিম ও রাজীব হত্যা মামলার আসামি ছয় জন। তাদের মধ্যে পলাতক হেলপার কাজী আসাদ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে