গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকারের চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে পাওনা বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসে ৫ লাখ করে কিস্তিতে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গতবছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জের ধরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।এ ঘটনায় হাইকোর্টে রিট করেন সংরক্ষিত আসনের তৎকালীন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। এ রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৪ মে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।গত ১২ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়ে ৩১ মার্চ ব্যর্থ হয় গ্রিনলাইন কর্তৃপক্ষ।
হাইকোর্ট বিভাগ ৩ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করে ৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেন। কিন্তু গ্রিনলাইন কর্তৃপক্ষ মাত্র ৫ লাখ টাকা প্রদান করে বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করেনি। অবশেষে হাইকোর্ট বাকি টাকা প্রতিমাসে কিস্তিতে পরিশোধ করতে বলেছেন।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























