সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স থাকলেও নবায়নহীন গাড়িচালকের তালিকা জমা দিতে বিআরটিএ কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। সড়কে ফিটনেসবিহীন যান চলাচল করায় বিআরটিএ ও পুলিশের ভূমিকার অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির জমা দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে নিবন্ধন আছে কিন্তু ফিটনেস নেই, এমন যানবাহনের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার। এর মধ্যে ঢাকা মহানগরীতেই আছে এক লাখ ৬৮ হাজার। এ তথ্যে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, এসব কারণেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। বিআরটিএর আইনজীবী আদালতকে জানান, নিবন্ধিত কিন্তু নবায়ন করেনি এমন যান ও চালকের তালিকা বিআরটিএ দিতে পারবে। কিন্তু সারাদেশে কত অনিবন্ধিত যান ও চালক রয়েছে তা তাদের এক্তিয়ারে নেই।
গত ২৭ মার্চ হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ফিটনেস, নিবন্ধনহীন যান চলাচল ও লাইসেন্স ছাড়া যান চলানো বন্ধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে আদেশও দেয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























