গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যার অস্ত্র মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরেকটি ধারায় তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরদিনই সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন স্বজনেরা। খুনের নির্দেশদাতা হিসেবে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেপ্তার হন সুন্দরগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য কাদের খান। তার দেয়া তথ্যে, সুন্দরগঞ্জের ছাপরহাটি গ্রামের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারী সুন্দরগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান তাকে আসামী করে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। এই মামলায় কাদেরকে যাবজ্জীবন ও অবৈধ গোলাবারুদ মজুত রাখায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এমপি লিটন হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি। অস্ত্র আইনে যাবজ্জীবনই সর্বোচ্চ শাস্তি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যা মামলার রায়ে সব আসামির ফাঁসির ব্যাপারে আশাবাদি তিনি।

এদিকে রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ।এমপি লিটন হত্যায় আট জনকে আসামি করা হলেও অস্ত্র মামলায় একমাত্র আসামি কাদের খান। হত্যা মামলাটি এখনো আদালতে বিচারাধীন।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে