চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পৃথক চারটি মামলায় চার আসামীকে দোষী সাব্যস্ত করে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার বিভিন্ন সময়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও যুগ্ম জেলা জজ আদালত-২ হতে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়।

এরমধ্যে- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত প্রতারণা মামলায় জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাইকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি একটি সমবায় সমিতির মাঠকর্মী হিসাবে দায়িত্বে থাকাকালে ৬৯ জন সদস্যের কাছ থেকে ২ লাখ ২৬ হাজার ৩৪৯ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে ৪৫ হাজার টাকা ফেরৎ দিলেও বাকী ১ লাখ ৫৭ হাজার ৩৪৯ টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী কল্যাণ আইন-২০১৩ এর ৩১ ধারায় দোষী সাব্যস্ত করে আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মজিবর ঘোষের ছেলে লিটন ঘোষকে ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে প্রবাসে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়। একই অপরাধে অপর একটি মামলায় আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের মৃত বুদু মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৫) কে ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এ ছাড়া যুগ্ম জেলা জজ-২ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার মৃত মহাসীন মন্ডলের মেয়ে জাহানারা বেগম (৪২) কে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মাদকব্যবসায়ী জাহানারা ২০১৪ সালের ৩ মে ১২ বোতল ফেনসিডিলসহ নিজ বসত বাড়ি থেকে পুলিশের হাতে আটক হয়।

সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে