পরীক্ষায় প্রমাণিত ৫২ ভেজাল পণ্য জব্দ ও বাজার থেকে প্রত্যাহার না করায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আদালতে রোববার তারা হাজির হয়ে এসব পণ্য প্রত্যাহার বা জব্দে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাবেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ।
রমজান উপলক্ষ্যে খোলা বাজার থেকে ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায় বিএসটিআই। এখন পর্যন্ত পাওয়া ৩১৩টি পণ্যের প্রতিবেদনে নামিদামি প্রতিষ্ঠানের ৫২ পণ্যেই ভেজাল প্রমাণিত হয়েছে। এ প্রতিবেদন যুক্ত করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট করে কনশাস কনজিউমার সোসাইটি নামের একটি সংগঠন।
এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে তলব করে। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানায় হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্ট কর্তপক্ষের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তোলা হয় শুনানিতে। রমজান মাসের পাশাপাশি সারা বছর ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ওপর জোর দেয় হাইকোর্ট।
এদিকে, বাজারের পাস্তুরিত দুধের বিষয়ে আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যপরিধি নিয়ে ২৪ জুন আদালতকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























