উচ্চ আদালতে মামলার জট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার মত পর্যন্ত জায়গা নেই। এক কথায় ক্রিটিকাল অবস্থা, এভাবে চলতে পারে না। এর সমাধান বের করতে হবে।’
সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এক মামলার শুনানির সময় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় ৫ লাখ ২৫ হাজার মামলা বিচারাধীন। যা ১৯৮২ সালে ছিল মাত্র ২৫ হাজার। তবে আগাম জামিনের আবেদনগুলো যদি নিষ্পত্তি না করা হত, তা তাহলে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলার পরিমাণ ১০ লাখ ছাড়িয়ে যেতো বলেও জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জিআইজেডের উপস্থাপন করা সুপ্রিম কোর্টের মামলার নীরিক্ষা প্রতিবেদন দেখে আমি প্রায় বিব্রত। এত মামলা! এভাবে চলতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মামলাজট নিরসন বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বসব। সবাইকে বলব যে, এ অবস্থায় কী করবেন আপনারা দেখেন।’
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























