যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ফ্রিজ রাখার আদেশ দিয়েছে ঢাকা মহানগর আদালত। দুর্নীতি দমন কমিশন, দুদকের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সানটান্ডার ব্যাংকে তারেক জিয়া ও তার স্ত্রী জোবাইদা রহমানের ব্যক্তিগত দু’টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া ওই ব্যাংকে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক তারেক রহমান।দুদকের মানি লন্ডারিং শাখার উপ-পরিচালক আকতার হামিদ ভুঞা ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদনে বলেন, ‘তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ বিদেশে পাচার ও সেখানে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত টিম গঠন করেছে।’

হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবাইদা রহমানের স্যানটেন্ডার ব্যাংকের অ্যাকাউন্টে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৬৬ লাখ টাকা) স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। কিন্তু মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকায় যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট ওই অ্যাকাউন্ট ফ্রিজ রেখেছে।মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৯ ধারামতে ওই তিন অ্যাকাউন্ট ফ্রিজ বহাল রাখার জন্য প্রয়োজনীয় আদেশ চেয়ে দুদক আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ রাখার আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন বলেন, ‘আদালতের আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হবে। এরপর সেটি সানটান্ডার ব্যাংকের নির্বাহী কর্মকর্তার কাছে যাবে। উভয়পক্ষের আইনি সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।’

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে