সন্ত্রাস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন চরমপন্থি দলের ৬ শতাধিক সদস্য। পাবনায় গতকাল আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন। তাদের আর্থিক প্রণোদনাসহ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পাবনাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের চরমপন্থী দলগুলো এখন নেতৃত্বশূন্য ও কোণঠাসা। সন্ত্রাসী জীবনে জড়িয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর প্রতিপক্ষের ভয়ে অনিশ্চিত জীবন তাদের। এমন অবস্থায় স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে মঙ্গলবার পাবনাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করছেন। এই প্রক্রিয়া সফল হলে আগামীতে আরো অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
আত্মসমর্পণকারীদের আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন সহযোগিতা দেবে সরকার। তবে তাদের বিরুদ্ধে মামলা চলবে আইনি প্রক্রিয়াতেই। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকবেন। কঠোর নিরাপত্তায় চরমপন্থীদের বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে পাবনায়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























