১৮৮জন নবীন শিল্পীর ২২৭টি শিল্পকর্ম নিয়ে আজ সন্ধ্যায় উদ্বোধন হলো ২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কার।
ছবিটির শিরোনাম রূপান্তর। নবীন শিল্পী সৈয়দ তারেক রহমানের কাঠ পিতলের তৈরি এই শিল্পকর্মটিই যেন কেড়ে নিলো গ্যালারির সব আলো। কারণ এবারের ২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর এটিই সেরা কাজ। সৃজনশীলতায় তারুণ্যের যে উচ্ছ্বাস–তার পুরোটাই যেন খুঁজে পাওয়া যায় এই শিল্পকর্মে।
প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের বিকশিত করার লক্ষ্যে ১৯৭৫ সাল থেকে প্রতি দুই বছর পর আয়োজিত হয় এ প্রদর্শনী। অগ্রজ শিল্পী রফিকুন নবী মনে করেন, বিশ্বায়নের কারনে বিশ বছর আগের নবীন শিল্পীদের তুলনায় এখনকার নবীনেরা অনেক বেশি পরিণত।
এর আগে সব মাধ্যমে সেরার পুরস্কারসহ দেয়া হয় মোট আটটি পুরস্কার। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সংস্কৃতি সচিব আকতারি মমতাজ, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, শিল্পী রফিকুন নবী ও সৈয়দ জাহাঙ্গীর।
একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রদর্শনীটি চলবে ৯ জুন পর্যন্ত।






















