বাংলাদেশের সব নদ- নদীকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিয়েছে হাইকোর্ট। এর আগে ২০১৭ সালের ১৫ মার্চ বিশ্বের প্রথম নদী হিসেবে জীবন্ত সত্তার আইনি স্বীকৃতি পায়, নিউজিল্যান্ডের ওয়াঙ্গানুই নদী। এর ঠিক পাঁচ দিন পর ভারতের গঙ্গা ও যমুনাকে জীবন্ত সত্তার স্বীকৃতি দেয়, উত্তরখান্ডের হাইকোর্ট। আদালতের আদেশে বলা হয়, এই দুটি নদীতে দূষণ মানুষের ওপর আঘাত হিসেবেই বিবেচিত হবে।
পশ্চিম হিমালয় থেকে উৎপত্তি গঙ্গার। ভারতের পবিত্র এ নদীর অববাহিকায় প্রায় ৪০ কোটি মানুষের বাস। ভারতীয় মিথের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত এ নদী।
দীর্ঘ সময় ধরে দূষণ-দখলে বিপর্যয়ের মুখে গঙ্গা। এ বিষয়টি নিয়েই রিট হয়েছিল উত্তরখান্ডের হাইকোর্টে। গঙ্গা নদীর পাড়ে পাথর ভাঙার বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে, রায়ে দেয় বিচারপতি রাজীভ শর্মা ও বিচারপতি অলোক সিংয়ের বেঞ্চ। গঙ্গার পাশাপাশি যমুনা নদীকেও জীবন্ত মানবীয় সত্তার আইনি স্বীকৃতি দেয় আদালত।
বিচারকেরা জানান, একজন ভারতীয় নাগরিকের মতোই অধিকার পাবে গঙ্গা ও যমুনা নদী। এদের ক্ষতি হলে, নাগরিক আইনে বিচার হবে দায়ীদের। গঙ্গা-যমুনা রক্ষার সঙ্গে ভারতের প্রায় অর্ধেক নাগরিকের স্বাস্থ্য-সুরক্ষা জড়িত বলেও উল্লেখ করে আদালত।
গঙ্গা-যমুনার দেখভালের দায়িত্ব দেয়া হয় ‘নমমি গঙ্গা’ প্রকল্প পরিচালকসহ উত্তরখাণ্ডের উচ্চপদস্থ দুই সরকারি কর্মকর্তাকে। নদী দুটির ক্ষতি হলে, আদালতে জবাবদিহি করতে হবে তাদের। এর মাত্র ৫ দিন আগে, নিউজিল্যান্ডের ওয়াঙ্গানুই নদীকে মানবসত্তার স্বীকৃতি দেয় দেশটির পার্লামেন্ট। মাউরি আদিবাসীদের দেড়শ বছরের দাবি মেনে, ১৮০ মাইল দীর্ঘ নদীটিকে দেয়া হয় এ স্বীকৃতি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























