স্বাস্থ্যখাতে ১১ ধরনের অপরাধ ও অনিয়ম চিহ্নিত করে তা প্রতিরোধে ২৫ দফা সুপারিশ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী কাছে এই প্রতিবেদন তুলে দেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক। এসময় দুদকের সুপারিশের আলোকে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থমন্ত্রী। এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সরকারি ২৫টি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সুপারিশ তৈরির জন্য দুর্নীতি দমন কমিশন ২০১৭ সালে কয়েকটি টিম গঠন করে। এসব প্রতিষ্ঠানের একটি স্বাস্থ্য অধিদপ্তর। ক্রয়, সেবা, নিয়োগ, বদলি, পদায়ন, ঔষধ সরবরাহসহ স্বাস্থ্য খাতের ১১টি ক্ষেত্রে দুর্নীতির উৎস খুঁজে পায় এই টিম। এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশ করে দুদক। বৃহস্পতিবার দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন এই সুপারিশমালা। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দুদকের প্রতিবেদন গুরুত্বের সাথে নেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি বন্ধে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তারা হলেন, জাতীয় এজমা সেন্টারের হিসাব রক্ষক লিয়াকত হোসেন ও ল্যাব সহকারী বেলায়েত হোসেন, অফিস সহকারী শরিফুল ইসলাম ও রেজাউল ইসলাম এবং গাড়ি চালক রকিবুল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























