প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে জনগণের আকাঙ্খা পূরণে কাজ করতে হবে। এজন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক নবযাত্রা শুরু হলো। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ তৈরিতে এই মন্ত্রিসভাকে জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকতে হবে, এগিয়ে নিতে হবে দেশকে।

বৈঠকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী, তাকে নিয়ে স্মৃতিচারণও করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয় সকালে। বৈঠকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া, ইট ভাটা আইন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন অনুমোদনের জন্য উত্থাপন করার কথা রয়েছে।

বৈঠক শেষে দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন এবং তিনজন উপ-মন্ত্রী রয়েছেন।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে