আওয়ামী লীগকে বিপুল ভোটে আবারো বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটের সম্মান রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবেন। এ বিজয় শুধু আওয়ামী লীগের নয়, স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়। বিকেলে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসব বলেন শেখ হাসিনা। এসময়, দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই বিজয় সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত সময়ের আগেই হাজির হন সমাবেশ স্থলে। জাতীয় ও আওয়ামী লীগের পতাকার রঙের টি-শার্ট ও ছোট ছোট পতাকা হাতে সমাবেশস্থল হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। বিকেল তিনটায় বিজয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, বিপুল করতালি ও জয় বাংলা শ্লোগানে লাখো মানুষ অভিবাদন জানান চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কণ্ঠশিল্পী মমতাজসহ বরেণ্য সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় শুরু হয় বিজয় উদযাপন পর্ব। দলের জনপ্রিয় নির্বাচনী সংগীতসহ শিল্পীদের বিভিন্ন পরিবেশনা লাখো নেতাকর্মীর সাথে উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা।

সাংস্কৃতিক পরিবেশনার পর বক্তৃতা পর্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পরে দলের বিশাল বিজয়ে দক্ষ নেতৃত্বের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন পত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রপরিচালনার সুযোগ করে দেয়ায় দেশের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। বলেন, আলোর পথে এগিয়ে যেতে জনগণ এই রায় দিয়েছে। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করার ঘোষণা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে। একাদশ জাতীয় নির্বাচন তার বড় প্রমাণ। মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আশ্বাস দেন দেশের প্রতিটি মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার। শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা রেখে তাদের নির্বাচিত করেছে। তাই দল মতের উর্ধ্বে থেকে সবার জন্য কাজ করবে তার সরকার। এসময় সমৃদ্ধ বাংলাদেশ নির্মানে সবার সহযোগিতা চান শেখ হাসিনা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে