এইবার গানের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরকে ।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিক নতুন ছবি ‘কতদিন দেখি না তোমায়’। ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস।এর আগে শাবনূরকে নিয়ে পরিচালক মানিক ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ এবং ‘চুপি চুপি প্রেম’ এই ছয়টি ছবি নির্মাণ করেছেন।
এ বিষয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা চলতি মাসের শেষের দিকে ছবির কাজটি শুরু করতে চাই। এখন যে গরম শুরু হয়েছে, তাতে শাবনূর ম্যাডাম শুটিং করতে পারবেন না। কারণ তিনি বেশ কয়েক বছর ধরেই কোনো ছবিতে কাজ করছেন না। যে কারণে আগে টানা গরমের মধ্যে শুটিং করার যে অভ্যাসটি ছিল, এখন আর সেটি না থাকারই কথা। কয়েক দফা বৃষ্টি হলেই আশা করি এই অসহনীয় গরম কমে যাবে এবং আমরা শুটিং শুরু করতে পারব।’
নায়িকা শাবনূরকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে জানতে চাইলে পরিচালক মানিক বলেন, ‘নায়িকা শাবনুর এই ছবিতে স্কুলের গানের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন। ছবির গল্প নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ ছবির মধ্যে গল্পটাই সবার আগে। দর্শকদের যদি গল্প বলে দেই, হলে গিয়ে তারা কী দেখবে।’
ছবিটির প্রথম ধাপের শুটিং হবে টাঙ্গাইলে। এরপর এফডিসি, রাঙামাটি ও কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের কাজ হবে বলে জানা যায়। ইয়োলো প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিতব্য এ ছবির সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে।
ছবিতে শাবনূর, ফেরদৌস ছাড়া আরো অভিনয় করবেন সাইমন সাদিক, প্রিয়ন্তী পরী প্রমুখ। বিয়ে ও মাতৃত্বজনিত কারণে শাবনূর বেশ কয়েক বছর কোনো কাজ করেননি। গত বছর অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নেন তিনি। এরপর অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।
বিনোদন ডেস্ক , বিডি টাইমস নিউজ ।






















