চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার দাবি, চিকিৎসার জন্য বিদেশে যেতেও দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ফেরার পথে বনানীতে দলের কার্যালয়ের সামনে এ দাবি করেন তিনি। তবে এরশাদের ভাই জিএম কাদের বলছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আপাতত বিদেশে পাঠানো হচ্ছে না।
২০ নভেম্বর জাতীয় পার্টির মনোনায়নপ্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠানের পর থেকে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আর প্রকাশ্যে দেখা যায়নি। একাদশ সংসদ নির্বাচনের আগে তার সিএমএইচে ভর্তির খবরে তৈরি হয় নতুন আলোচনা। এরই মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করেই জাতীয় পার্টির বানানী কার্যালয়ে আসেন এরশাদ। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে কার্যালয়ের সামনে গাড়িতে বসেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, অসুস্থ হওয়ার পরেও চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেয়া হচ্ছে না।
চিকিৎসার বিষয়ে এরশাদের অভিযোগ সম্পর্কে তার ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যানের কাছে জানতে চান সাংবাদিকেরা। তিনি দাবি করেন, চিকিৎসকের পরামর্শ মেনেই এরশাদকে বিদেশ যেতে দেয়া হচ্ছে না। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় এরশাদকে হাসপাতালে যেতে হচ্ছে বলে জানান জিএম কাদের। তিনি বলেন, চিকিৎসকের অনুমতি মিললেই তাকে বিদেশ পাঠানো হবে।
কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, তাদের মাঝেই জাতীয় পার্টি বেঁচে থাকবে। দলের আগের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের প্রতি নিজের দুর্বলতাও জানান এরশাদ। একইসঙ্গে নতুন মহাসচিবকে সাহায্য করতে কর্মীদের আহ্বান।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























