রহস্যময় পাকিস্থানের ক্রিকেট যার শেষ বলে কিছু নেই। আজ যে খেলোয়াড় আলোচিত কাল তিনিই জ্বলে উঠবেন হুট করেই। তবে প্রত্যাবর্তনের বেশ কিছু জ্বলন্ত উদাহরণ থাকলেও শহীদ আফ্রিদির শঙ্কিত হওয়ার কথা। স্বয়ং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন তাঁকে।
আগামী জুলাইয়ে প্রায় দুই মাসের সফরে ইংল্যান্ডে যাবে পাকিস্তান। এ সফরের জন্য ঘোষিত ৩৫ জনের প্রাথমিক দলে আফ্রিদিকে রাখেননি ইনজামাম। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফেরার পর আফ্রিদি জানিয়েছিলেন, অধিনায়কত্ব করার আর ইচ্ছা নেই তাঁর। তবে টি-টোয়েন্টি দলে খেলতে সমস্যা নেই।
শুধু আফ্রিদি একা নন, ইনজামামের রোষানলে পড়েছেন আহমেদ শেহজাদ আর উমর কমলও। দুজনের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিশ্বকাপ শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ানো ওয়াকার ইউনিস। সাবেক কোচের পরামর্শই বোধ হয় গ্রহণ করেছেন ইনজামাম। শেহজাদের প্রাথমিক দলে না থাকা অবশ্য কিছুটা বিস্ময়কর। সদ্যসমাপ্ত ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে ৩৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শেহজাদ। তবে ইনজামামের কাছে সম্ভবত পারফরম্যান্সের চেয়ে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বেশি জরুরি।
লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের পাকিস্থান ক্রিকেট বোর্ডের নির্বাচক ইনজামাম-উল-হক মন্তব্য ‘আমরা নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। তাই আফ্রিদিকে বিশ্রাম দিয়ে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিয়েছি।’ এ বছর অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে (১১ ম্যাচে ১৩০ রান ও ৯ উইকেট) দেশের ক্রিকেটপ্রেমীদের সমালোচনার তীরে বিদ্ধ আফ্রিদির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।
স্পোর্টস ডেস্ক । বিডি টাইম্স নিউজ



























