জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন দলের নতুন মহাসচিব। জানান, দু-একদিনের মধ্যেই মহাজোটে আসনবণ্টন চূড়ান্ত হচ্ছে, এরপরেই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এরশাদ। অসুস্থতা এবং নিঃসঙ্গতার কারণে বাসায় থাকতে ভয় পান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ কারণেই তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দলের নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি জানিয়েছেন, মহাজোটে আসনবণ্টন নিশ্চিত হওয়ার পরই সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবেন এরশাদ।
রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়ার পর জাতীয় পার্টির নতুন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার সকালে বনানী কার্যালয়ে এসেই দলের এক অনির্ধারিত বৈঠকে অংশ নেন। পরে রাঙ্গা সাংবাদিকদের কাছে দাবি করেন, অভিযোগ নয়, শারীরিক অসুস্থতার কারণেই স্বেচ্ছায় মহাসচিবের পদ ছেড়েছেন রুহুল আমিন হাওলাদার। তবে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫৪টি আসন চেয়েছে জানিয়ে রাঙ্গা বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























