আজ ১৬ নভেম্বর, শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা- অ্যা ডটারস টেল। কৃষিবিদ ইন্সটিটিউশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এর প্রয়োজক।

শেখ হাসিনা কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে জায়গা পেয়েছেন দেশবাসীর হৃদয়ে। তারই কাব্যিক চিত্রায়ণ এই প্রামাণ্য চলচ্চিত্র, বলছেন পরিচালক। ১৬ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমা, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন হলে। এরপর পর্যায়ক্রমে সারাদেশের সব সিনেমাহলে, দেশের বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ও অনলাইন প্লাটফর্মে।

নির্বাচনের আগে প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পেলেও তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মনে করেন, এর পরিবেশক প্রতিষ্ঠান গ্রে। পাঁচ বছর ধরে ৭০ মিনিটের এ প্রামাণ্য চলচিত্র বানিয়েছেন রেজাউর রহমান খান। যিনি পিপলু আর খান নামেই পরিচিত। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপলবক্স ফিল্মস যৌথভাবে প্রযোজনা করেছে এটি। যাতে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তি জীবনের নানা দিক।
পিপলু আর খানের এ তথ্যচিত্রে উঠে এসেছে মানুষ শেখ হাসিনার একান্ত চরিত্রের নানা দিক। এর সঙ্গীতায়োজন করেছেন দেবজ্যোতি মিস্ত্রী, সিনেমাটোগ্রাফি করেছেন সাদিক আহমেদ, সম্পাদনা করেছেন নবনীতা সেন। পর্যায়ক্রমে সারাদেশে এই চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই।
১৬ নভেম্বর থেকে একযোগে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন হলে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























