বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন। বুধবার তার পক্ষে ফরম কেনেন দোহার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেন বলেন, বাবা নাজমুল হুদা দল পরিবর্তন করলেও তার মেয়ে অন্তরা হুদা বিএনপিতেই আছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ৩০ বছর এই দলের সঙ্গে আছি। আমার স্যার (নাজমুল হুদা) দলত্যাগ করলেও আমরা বিএনপি ত্যাগ করিনি। বিএনপির সঙ্গে ছিলাম ও আছি। এছাড়া একই আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার নাজমুল হুদার সাবেক প্রেস সচিব তারেক হোসেন।

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি সরকারের সময় বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির সঙ্গে টানাপোড়েন শুরু হলে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পরও বিএনপির পরিচয়েই রাজনীতিতে থাকার চেষ্টা করেন।

অবশেষে ২০১২ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং সর্বশেষ নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন। সম্প্রতি এ দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে নিজের দল বাদ দিয়ে তিনি মনোনয়ন চেয়ে ফরম কিনেছেন আওয়ামী লীগ থেকে। ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনেছেন তিনি। এই আসন থেকে মনোনয়ন কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে