সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা অনন্ত জলিল ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ ছবির জন্য খুঁজে বের করেছিলেন একগুচ্ছ নতুন মুখ। তবে চলচ্চিত্রের মন্দাবস্থাসহ বিভিন্ন কারণে এ ছবিটির কাজ আপাতত বন্ধ। তাই বলে আগত নতুনদের নিরাশ করেননি তিনি। আলোচনায় ডাকলেন, কথাও রাখলেন। ‘দ্য স্পাই’ না হলেও এ বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে ‘দিন : দ্য ডে’ ছবির শুটিং। নতুন এ ছবিটিতেই তিনি ‘ট্যালেন্ট হান্ট’র মাধ্যমে সারাদেশ থেকে খুঁজে বের করে আনা নতুন মুখগুলোকে অভিনয়ের সুযোগ দিতে চান।
এ ছবিটির মাধ্যমে জঙ্গীবাদ ও ইসলাম ধর্মের নানা দিক নিয়ে মানুষের মধ্যে যে চরম ভুল ধারণা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে। ছবিটি নির্মাণে ইরানী চলচ্চিত্র নির্মাতা ও কলাকূশলীদের সঙ্গে যৌথভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ছবির প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি রাজধানীর ইকবাল রোডস্থ তার নিজ বাসায় ‘ট্যালেন্ট হান্ট’ থেকে নির্বাচিত কয়েকজনসহ অন্যদেরকেও ‘দিন : দ্য ডে’ ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল।
এদিকে গত মাসে ইরান গিয়ে ‘দিন : দ্য ডে’ ছবির জন্য পরিচালক, অভিনেতা-অভিনেত্রী নির্বাচন ও শুটিংসহ নানা বিষয় চূড়ান্ত করেছেন অনন্ত জলিল। ছবিটি পরিচালনা করবেন ইরানি খ্যাতনামা পরিচালক মুর্তজা অতাশ জমজম। ইরান, বাংলাদেশ, লেবানন ও সিরিয়াকে ঘিরে এ ছবির কাহিনী আবর্তিত হয়েছে। এ ছবিতে ইরানের প্রাচীন এবং ঐতিহাসিক নগরী ইস্পাহান এবং শিরাজ থেকে শুরু করে লেবাননের রাজধানী বৈরুতের অসাধারণ সব দৃশ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন অনন্ত। এতে অনন্ত জলিলের পাশাপাশি বাংলাদেশ থেকে অভিনয় করবেন গ্ল্যামার গার্ল আফিয়া নূসরাত বর্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হবে ছবিটির।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নতুনদের নিয়ে ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ ছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু চলচ্চিত্রের যে অবস্থা ছিল বা এখনও বিরাজ করছে সে অবস্থায় নতুন ছবি নির্মাণ করার ঝুঁকি নেওয়াটা সম্ভব নয়। এদিকে যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে ছবি বানাবো বলে কথাও দিয়েছিলাম। আমার মনে হয়েছে এই প্রতিশ্রুতি রাখা উচিৎ। সে চিন্তা থেকেই ‘দিন : দ্য ডে’ ছবিতে তাদেরকে অভিনয়ের সুযোগ দিচ্ছি। আশা করছি ভালো একটি ছবি হবে।”
শাফায়েত উল্লাহ,
বিনোদন ডেস্ক। বিডিটাইমস্ নিউজ



























