আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি অধ্যাদেশের মাধ্যমে জারি করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধিত আরপিও অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওঠে বহুল আলোচিত আরপিও সংশোধনের প্রস্তাব। আলোচনা শেষে এতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সংশোধিত আরপিওতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে জাতীয় নির্বাচনে কতটি ইভিএম ব্যবহার করা হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

সংশোধিত আইন অনুযায়ী, প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ঋণখেলাপিরা মনোনয়নপত্র জমা দেয়ার আগ পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ পাবেন। ইভিএমে যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে দাবি করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই মেশিন হ্যাক বা কারচুপির কোনো সুযোগ থাকবে না।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























