বিনোদন প্রতিবেদকঃ কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের অনবদ্য সৃষ্টি ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছে কোলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যেখানে ঢালিউড কুইন পরীমনিকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এ চরিত্রে অভিনয় করতে পরীমনিকেও বেশ উৎফুল্ল দেখা গেছে। কারণ তিনি কবিগুরুর লেখার পরম ভক্ত।
শত ব্যস্ততার মধ্যে একটু সময় পেলেই নিয়মিত তাঁর লেখা পড়েন। এবার যেহেতু প্রিয় কবির কালজয়ী উপন্যাসে অভিনয়ের মাধ্যমে নিজেকে অন্যরুপে মেলে ধরার সুযোগ পেয়েছেন, তা আর হাত ছাড়া করতে চান না তিনি। তাই তো এই ওয়েব সিরিজে অভিনয় করতে আপত্তি নেই এই অভিনেত্রীর। বুধবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে চমকপ্রদ এ বিষয়টি আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়। এ সময় ওয়েব সিরিজে ‘লাবণ্য’ চরিত্রে অভিনয়ের ঘোষণা দেন দেবাশীষ বিশ্বাস। এ সময় পরীমনিকে বেশ উৎফুল্ল দেখা যায়। ‘শেষের কবিতা’ নিয়ে ওয়েব সিরিজটি প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। আর এটি পরিচালনা করবেন বাংলাদেশী নির্মাতা হিমেল আশরাফ। এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’ এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান আড্ডা টাইমসের ব্যবস্থাপনা পরিচালক রাজিব মেহরা বলেন, ‘এই ওয়েব সিরিজটি নির্মাণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। পরীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।’ পরিচালক হিমেল আশরাফ বলেন, “যখন আমরা ‘শেষের কবিতা’ করার চিন্তা-ভাবনা করলাম, তখন প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হলো ‘লাবণ্য’ চরিত্রটি কে করবে? আমি মনে করি, পরীই হচ্ছে বাংলাদেশে ‘লাবণ্য’ করার জন্য সবচেয়ে যোগ্য এবং একমাত্র অভিনেত্রী।”
‘শেষের কবিতা’ দৃশ্যয়নের জন্য কেন্দ্রীয় নারী চরিত্র লাবণ্য হিসেবে পরীমনি চুড়ান্ত হলেও তার নায়ক ব্যারিস্টার অমিত রায় কে হবে তা এখনও জানানো হয়নি। তবে অভিনেতা ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসও হতে পারেন লাবণ্যের অমিত। চমকপ্রদ এ ঘোষণা দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে হবে অমিত তা এখনই জানানো যাচ্ছে না। যেহেতু এখনও চুড়ান্ত হয়নি তবে আমিও হতে পারি অমিত।’
এস এম শাফায়েত,
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























