সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার সিএমএম আদালতে তোলা হচ্ছে আজ। সাংবাদিক মাসুদা ভাট্টিকে অমর্যাদাকর মন্তব্যের অভিযোগে রংপুরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর উত্তরায় জাসদ নেতা আ স ম আব্দুর রবের বাসা থেকে রাতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা হেফাজতে নেয়া হয়। ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিলি মায়া বেগম নামে এক নারী মামলা করেন।
মামলার এজাহারে মইনুল হোসেনের বিরুদ্ধে মাসুদা ভাট্টিকে শ্লীলতাহানিমূলক বক্তব্য, ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগ করা হয়েছে।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টির উদ্দেশ্যে অমর্যাদাকর মন্তব্য করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। পরে মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, ভোলা, কুমিল্লা, কুড়িগ্রাম, জামালপুরেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























