দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২১ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে। এটি হচ্ছে বর্তমান সংসদের শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত মতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।
দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে ‘সম্প্রচার আইন-২০১৮’ এবং ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন ২০১৮’ আইন দু’টি পাস করার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর আইন দু’টির খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সংসদের ২৩তম এ অধিবেশন সংপ্তি হওয়ার কথা রয়েছে। আগামী ২১ অক্টোবর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন। এ দিকে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে রেকর্ডসংখ্যক ১৮টি সরকারি বিল পাস হয়।
ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে। ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৯টি গৃহীত নোটিশের মধ্যে সাতটি আলোচিত হয়। এ ছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























