ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পথ বন্ধ করে দিয়েছে-সংবাদকর্মীদের এমন অভিযোগের মধ্যেই সাংবাদিকদের কাছে অনুসন্ধানী প্রতিবেদন চাইলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের তিন দিনের এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরেন দুদক চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘সাংবাদিকতার মূল বিষয় হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। এ সাংবাদিকতা চলমান থাকুক। আপনারা নিরুৎসাহিত হবেন না।’ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সত্য প্রকাশ করবেন। আমি আপনাদের পক্ষে বলতে চাই, আমার বিরুদ্ধেই হোক, দুদকের বিরুদ্ধে হোক, কোনো কর্মকর্তার বিরুদ্ধে; আপনারা লিখবেন। অনুসন্ধানের তথ্য যদি আপনারা না দেন তাহলে প্রতিষ্ঠান চলবে না।’ ‘আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ না করেন, আমি শুধরাব না। আপনারা প্রশ্ন করবেন, কিছু উত্তর দেব, সব প্রশ্নের উত্তর হয়তো আমি দেব না, দিতেও পারব না।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘৫৭ ধারা বা ডিজিটাল আইন সম্পর্কে তেমন ধারণা নেই। তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। দুদকের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন, দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে।’

অনুষ্ঠানে বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দুদক সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদও বক্তব্য দেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে