রূঢ় রাজনীতি আর র্যাডক্লিফের খামখেয়াল দুই ভাগ করেছে বাংলা মা’কে। কিন্তু আত্মার বন্ধন যে ছিন্ন করা যায় না তা প্রমাণ হয় প্রায়ই। নাগরিক টিভির নাচের রিয়েলিটি শো ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ দিয়ে দুই বাংলার আত্মার বন্ধন আরেকবার দেখবে সবাই। তারই প্রাকপ্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ১৩ অক্টোবর ২০১৮ তারিখে রাজধানীর ঢাকা ক্লাবে। এ আয়োজনে তাই দেখা মিলল দুই বাংলার এক ঝাঁক তারার।

প্রাকপ্রদর্শনীর এ আয়োজনে ওপার বাংলা থেকে এসেছিলেন এ রিয়েলিটি শো’র প্রতিযোগী প্রীতি, এনা, তিথি ও লাভলী। আর বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন ইশানা, স্পর্শিয়া, অমৃতা, পিয়া, ভাবনা ও সাফা। শো’র অন্যতম বিচারক কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসেছিলেন এ আয়োজনে। আরও উপস্থিত ছিলেন শো’র অন্যতম উপস্থাপক নাবিলা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ আগরওয়াল ও পরিচালক পিন্টু আগরওয়াল প্রাকপ্রদর্শনীতে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং নাগরিক টেলিভিশন ও মোহাম্মদী গ্রুপের কর্মকর্তাবৃন্দ।

এ আয়োজনের শুরুতে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’এর উল্লেখযোগ্য অংশ নিয়ে একটি অডিও ভিজুয়াল দেখানো হয়। এরপর শো’তে অংশগ্রহণকারী প্রতিযোগী ও কলাকুশলীরা অনুষ্ঠান ঘিরে তাদের স্মৃতি তুলে ধরেন। বক্তব্য রাখেন ইলিয়াস কা ন, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ আগরওয়ালসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে এ আয়োজনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। আয়োজন শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয়জন করে মোট ১২ জন তারকা। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।

এ রিয়েলিটি শোয়ে আরও প্রতিযোগিতা করেছেন বাংলাদেশ থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি, টেলিভিশন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও জাকিয়া বারী মম। কলকাতা থেকে অংশ নিয়েছেন জি বাংলার রাশি সিরিয়ালের রাশি চরিত্রের অভিনেত্রী গিতশ্রী, চিত্রনায়কা পায়েল ও ছোট ঋতুপর্না।প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার এক সময়ের সাড়া জাগানো নায়িকা ও বর্তমান ভারতীয় লোকসভার সংসদ সদস্য শতাব্দী রায়।

বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে যুক্ত আছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৗস, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ ও সজল। আর কলকাতা থেকে সংগীতশিল্পী জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র ও নৃত্যবিশারদ তনুশ্রী শংকর। প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন বাংলাদেশের মাসুমা আক্তার নাবিলা ও কলকাতার সৌরভ।

জানা গেছে, এ অনুষ্ঠানে বিভিন্ন রকমের নাচের প্রদর্শন রয়েছে। ভরত নাট্যম, মনিপুর, ছৌ, কত্থক থেকে শুরু করে হিপহপ, মডার্ন সব ধরনের নাচ প্রদর্শন করা হবে। নাচের এ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

নাগরিক টেলিভিশন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে