নিরাপদ সড়ক আন্দোলনের সময় ভাঙচুর, পুলিশের কাজে বাধাসহ নানা মামলায় গ্রেপ্তার ৪০ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো ও মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দীন সিদ্দিকী এই জামিন মঞ্জুর করেন।
এর আগে তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। জামিন পাওয়া শিক্ষার্থীরা ইস্টওয়েস্ট, নর্থসাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বেলা ১১টা থেকে প্রায় একঘণ্টা তাদের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন।
পরে তারা জানান, ঈদ ও পরীক্ষা- এই দুটি বিষয় বিবেচনায় জামিন দিয়েছে আদালত। শিক্ষার্থী আন্দোলনের এক পর্যায়ে সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ পর্যন্ত ৫১ মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে ৫২ জনই ছাত্র। গ্রেপ্তার বাকি শিক্ষার্থীদের জামিন শুনানি সোমবারও হওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক



























