কুষ্টিয়াঃকুষ্টিয়ার কৃতি সন্তান জনপ্রিয় টিভি নাট্যকার মাসুম রেজা ও মামুন হুসাইন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত হওয়ায় শিল্পী-কবি-সাহিত্যিক-সুধী বৃন্দের আয়োজনে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি শক্রবার বিকেলে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শাহাবুব আলীর সভাপতিত্বে ও কনক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জননন্দিত পৌর মেয়র জনাব আনোয়ার আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক জনাব মোস্তফা তারিকুল ইসলাম ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চন্দন আনোয়ার। সন্মানিত আলোচক ছিলেন যথাক্রমে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, লেখক ও গবেষক লালিম হক, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশিষ্ট কবি বিলু কবির ও শিক্ষাবিদ অনুপম হাসান। এছাড়াও বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব শাহীন সরকার, নবরুপে জাগো সাহিত্য আসরের সভাপতি সৈয়দা হাবিবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন পদ্মা-গড়াই বিধৌত কুষ্টিয়ার উর্বর ভূমিতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আমাদের সমাজে মাদকের ভয়াবহতা রয়েছে। মাসুম রেজা ও মামুন হুসাইনের মত গুণী মানুষের জন্ম হলে আমরা এই ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে পারব। তিনি বৈরি আবহাওয়ার মধ্যে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং দর্শক হিসেবে উপস্থিত আছেন তাদের ধন্যবাদ জানান।
সংবর্ধিত ব্যক্তিদ্বয় বলেন জন্মভূমি থেকে প্রাপ্ত সংবর্ধনা আমাদের আগামী দিনের সকল কর্মকান্ডের অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রিতম মজুমদার ।। বিডি টাইম্স নিউজ



























