অবশেষে বড় পর্দায় শাকিব খানের হাত ধরে অভিষিক্ত হচ্ছেন ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ দিয়ে আলোচনায় আসা জান্নাতুল নাঈম এভ্রিল। অভিষেকে তার বিপরীতে নায়ক হিসেবে তিনি পাচ্ছেন শাকিব খানকে। বিষয়টি এভ্রিল নিজেই নিশ্চিত করেছেন। এভ্রিল বলেন, গত “২৯শে জুন শাকিব ভাইয়ের সঙ্গে একটি ছবির মিটিংয়ে বসেছিলাম। ছবিটিতে কাজ করার জন্য আমি চূড়ান্তও হয়েছি। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না।”
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এভ্রিল বলেন, “চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি এটা আমার জন্য যারপরনাই আনন্দের। বলা যায় আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। শাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে। নায়িকা চরিত্রে আমিই অভিনয় করব। শাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন। তাঁর পরামর্শে আমি ক্ল্যাসিকাল নাচের প্র্যাকটিস করছি। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। মেনে চলছি।” ১৫ই জুলাইয়ের পর ছবির নাম ও পরিচালকের নাম জানাবেন এভ্রিল।

জান্নাতুল নাঈম এভ্রিল একজন বাংলাদেশি মডেল। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর মুকুট পরানো হয়েছিল তাকে। পরে তাঁর বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বয়সের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়া ও বিয়ের কথা গোপন করার অভিযোগ ওঠে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর নিয়ম অনুসারে প্রতিযোগীকে অবিবাহিত থাকতে হয়। তাই এভ্রিলকে বিজয়ী ঘোষণার চারদিন পর ৪ অক্টোবর ২০১৭ তারিখে তাকে মিস বাংলাদেশ হিসেবে ‘অযোগ্য’ ঘোষণা করেন এবং জেসিয়া ইসলামকে নতুন মিস বাংলাদেশ ঘোষণা করা হয়।
হুমায়রা তাবাসসুম
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























