
মেহেরপুর-২(গাংনী) আসনে মনােনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য নুর আহমেদ বকুল। আজ বুধবার(২৯’শে নভেম্বর) জেলা রিটারনিং অফিসারের কাছে মনােনয়নপত্র দাখিল করেন নুর আহমেদ বকুল। ১৪’দলীয় জোটের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা না হওয়ার ফলে স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক পড়েছে। কিন্তু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিজ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বর্তমান এমপি সাহিদুজ্জামান খোকনের জায়গা দখল করেছেন। নানা কারণে স্বতন্ত্র পার্থীর ইতিহাসের পাতায় নাম লেখা এ আসনটিতে একদিকে নতুন মুখ অন্যদিকে দলীয় প্রধানের নির্বাচনে অংশ গ্রহণের দ্বার খুলে দেওয়ার ঘোষণায় স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়ি।
জানা গেছে, এ আসনটিতে গেল দুই বছর ধরে ১৪ দলীয় জোটের প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড নুর আহমদ বকুল। দলের কেন্দ্রীয় কমিটি থেকে এ আসনটিতে নুর আহমেদকে মনোনয়ন দেয়ার জোর দাবিও করা হয়। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর মনোনয়ন দেয়া হলেও অপরদিকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় কমরেড নুর আহমদ বকুলকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স না আওয়ামী লীগ এনিয়ে নেতাকর্মীদের মধ্যে নানান গুঞ্জনও শুরু হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ বলেন, ‘মনোনয়ন পাওয়ার বিষয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেবেন নেতারা তা আমরা মেনে নেব। আমাদের প্রার্থীতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের নিয়ে জরুরি বৈঠক করা হবে।
আওয়ামী লীগ বলছে, ওয়ার্কার্স পার্টি আমাদের জোটের অন্যতম শরিক। শুধু ওয়ার্কার্স পার্টি নয় ১৪ দলীয় জোট এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ করে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছি।





























