পাঁচ বছর বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুরে আবারও চালু হয়েছে দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানা। সদ্য নিয়োগ দেয়া ১১ জন খালাসি আর অবসরে যাওয়া ৪ জন মিস্ত্রী দিয়েই শুরু হয়েছে কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, শিগগির শূন্যপদে জনবল নিয়োগ দিয়ে কারখানাটির কার্যক্রম পুরোপুরি চালু করা হবে।

সৈয়দপুরে রেলওয়ে সেতু কারখানাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় ২০১৮ সালে। এর চার বছর আগেই এটি বন্ধের ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। তবে আমদানি ব্যয় কমাতে, আবারও চালু করা হলো কারখানাটি। আপাতত এখানে তৈরি করা হচ্ছে সিসি ক্রাপট। যা দুর্যোগের সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এবং বিকল্প সেতু নির্মাণে ব্যবহার করা হয়। নতুনভাবে শুরু করতে ১১ জন খালাসি নিয়োগ দেয়া হয় গেল ২ জুন। যাদের প্রশিক্ষণের জন্য, ফেরানো হয় অবসরে যাওয়া ৪ জন দক্ষ মিস্ত্রিকে। প্রশিক্ষণ নিয়ে, নিজেদের দক্ষ করতে চান নতুনরা।

কারখানার সহকারী প্রকৌশলী মো. তহিদুল ইসলাম জানান, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে বিভিন্ন যন্ত্রাংশ অকেজো হওয়ার পথে। পুরো কার্যক্রম চালু করতে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগ প্রয়োজন। ১৮৭০ সালে সৈয়দপুরে ১৮ একর জমিতে স্থাপন করা হয় দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানাটি। যেখানে, গেল শতাব্দির নব্বইয়ের দশক পর্যন্ত, কর্মী ছিলেন প্রায় এক হাজার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে