গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান গতকাল বৃহস্পতিবার ভারতে গেছেন।
তিনি গতকাল সকাল ১০ টায় ইউএস বাংলার বিএস২০১ ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন। ইউজিসি চেয়ারম্যান শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন। এসময় পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত ছিলেন। এছাড়া, ভারত সফরকালে প্রফেসর আবদুল মান্নান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও আগামীকাল শনিবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি আগামী ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক, বিডি টাইমস্ নিউজ














