
নইমুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা দম্পতি একটি শাবকের জন্ম দিয়েছে। এটি পুরুষ শাবক বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। চলতি মাসের মাঝামাঝি সময় শাবকটির জন্ম হলেও দুদিন হলো মা ও শাবক সামনে আসছে। আজ বৃহস্পতিবার জেব্রা বাচ্চার জন্মের বিষয়টি জানা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে দেরিতে বিষয়টি জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
জানা যায়,জন্মের পর থেকেই জঙ্গলের ঝোপঝাড়ের ভেতরে শাবকটিকে নিয়ে লুকিয়েছিল মা জেব্রাটি। এ শাবক নিয়ে পার্কে বর্তমানে জেব্রাপালের সদস্য সংখ্যা হলো ২৬টি। অতিরিক্ত গরমের কারণে শাবকটিকে নিয়ে মা জঙ্গলের ভেতরে শীতল কোনো স্থানে বসে থাকে। মাঝেমধ্যে খেতে আসে পালের সঙ্গে। এ সময় পালের অন্য সদ্যসরাও শাবকটিকে আগলে রেখে নিরাপত্তা দেয়। সুযোগ বুঝে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি।দুধ খাচ্ছে আর খুনসুটি করছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালের পর থেকে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশী পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জেব্রাগুলো পার্কে আনা হয়। ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা হলো ইকুইডি পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী।যারা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য বিশেষভাবে পরিচিত। পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে ব্ল– ওয়াইলবিস্ট, জিরাফ, গ্যাজেল কমনইলা বসবাস করে। আরও বাস করে চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ। তিনি আরোও জানান, জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ খেয়ে থাকে। এরা পাল ধরে ঘুরে বেড়াতে পছন্দ করে। নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে পালের অন্য সদস্যরাও। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ স্থানে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। জেব্রা সাধারণত একটি বাচ্চাই প্রসব করে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম জানান, বাচ্চার নিরাপত্তার কথা ভেবে আমরা বিষয়টি দেরিতে জানাই। জেব্রা শাবক ও মা জেব্রা সুস্থ-সবল রয়েছে।
শ্রীপুর নিউজ ডেস্ক।। বিদি টাইম্স নিউজ





























