বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ১৯৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। বর্তমানে আওয়ামী লীগ সেই নাম ধার করে নিয়ে শান্তি কমিটি গঠন করেছে।

আজ শনিবার ৪’ঠা মার্চ গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা শে‌ষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ও গাজীপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশের উদ্দেশে আলাল বলেন, পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য আজ গাজীপুরে যে ঘটনা ঘটাল এগুলো মনে রাখব। রংপুর, পঞ্চগড়, সিলেট, চট্টগ্রাম এমন কোনো জায়গা নাই- গত তিন মাস আমি সমাবেশ অংশগ্রহণ করি নাই। আপনাদের মতো অতি উৎসাহিত হয়ে কেউ এ ধরনের কাজ করে নাই। এই গাজীপুরে প্রথম দেখলাম। এ ঘটনা আমরা মনে রাখব এবং যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের মনে রাখব। আপনারা ঘরে বসে বসে বিএনপির নেতাকর্মীদের তালিকা করেন। একটা কথা মনে রাখবেন শাসন ক্ষমতা গ্রামের বৈশাখী মেলার রাধা চত্বরের মতো ঘুরতে থাকে। সেই দিকে তাকিয়ে ভবিষ্যতের চিন্তা করবেন। নিজেদের রাজা ভাববেন না। এ দেশের মূল রাজা হচ্ছে দেশের জনগণ।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি গঠন করেছিল। আজ আওয়ামী লীগ সেই নাম ধার করে শান্তি কমিটি গঠন করেছে। ১৯৭১ সালে রাজাকার আলবদররা শান্তি কমিটি নাম দিয়ে পাকিস্তানকে ব্যবহার করেছে। আর আজকে আওয়ামী লীগ শান্তি কমিটির নাম দিয়ে পুলিশকে ব্যবহার করছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নিরাপদ বাংলাদেশ করার জন্যই আমাদের আন্দোলন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং করব। অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা যারা করছেন তারা ভুল পথে আছেন। এই ভুল পথ সংশোধন করার সময় কিন্তু পাবেন না। ওই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ১১ মার্চ মহানগর ও জেলা পর্যায়ে আমাদের মানববন্ধন হবে। সে মানববন্ধনে আপনারা সবাই উপস্থিত থাকবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে