ঢাকায় দীর্ঘ ৪৫ বছর পর ফের চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে এ দূতাবাসের উদ্বোধন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭’শে ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই দূতাবাস উদ্বোধন শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নই নয়, এটা দেশের জনগণের এক আবেগের মুহূর্তও। এর ফলে দুইদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি পাবে বলেও বিশ্বাস আর্জেন্টিনার পরাষ্ট্রমন্ত্রীর।তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। বিশ্বকাপজয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সফরের শুরুর দিন বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন চালু করতে উদ্বোধনী আয়োজনে যোগ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সংগে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও। মিশন উদ্বোধনের পর দু’জনে কথা বলেন গণমাধ্যমের সামনে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতি শুধু নয়, দুদেশের জনগণের ভালবাসায় বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, এদেশের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন আমার দেশকে দূতাবাস খোলায় আগ্রহী করেছে। আর পররাষ্ট্র প্রতমন্ত্রী বলেন, দূতাবাস খোলার মাধ্যমে দুইদেশের সম্পর্ক এগিয়ে নিতে আরও সহজ হলো। স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক অগ্রগতিই আর্জেন্টিনার মতো দেশকে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী করেছে। কূটনৈতিক আলোচনা শুরুর মাত্র তিন মাসের মধ্যে দূতাবাস পুনঃস্থাপন করলো আর্জেন্টিনা।



























