বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আপনারা এত কথা বলতেছেন। পুলিশ বাদ দেন, অতীতের কথা মনে কইরা একবার ধর বললে চৌদ্দগোষ্ঠীর কেউ দেশে থাকতে পারবে না। শনিবার (১১’ই জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাই ও অন্যদের বলবো মারামারি-কাটাকাটির দরকার নাই। আসেন সবাই মিলে কাজ করি। আর যদি মারামারি-কাটাকাটি করেন তাহলে আমরাও তো মানুষ। আমাদের যদি অতীতের কথা মনে পইড়া যায়, তাহলে আপনারা যে এত কথা বলতেছেন, পুলিশ বাদ দেন, আমি যদি একবার বলি ধর, তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠী এইদেশে থাকতে পারবে না। এইটা আমি জানি কিন্তু। বয়স হইছে, ধৈর্য বাড়ছে। তিনি আরও বলেন, ‘লন্ডন থেকে যে নির্দেশ আসছে সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য অনেক ক্ষতিকর হবে। উনি নির্বাচনের জন্য কাজ করছেন না। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে নিউজ আছে, তারা প্রয়োজনে তাদের দলের বড় সিনিয়র নেতাদেরও পর্যন্ত হত্যা করবে। তারা যেকোনো প্রয়োজনে লাশ চাচ্ছে। তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বন্ধ করতে চায়। কারণ জনগণ তাদের সঙ্গে নাই।
শামীম ওসমান বলেন, ‘আম্মা গ্রুপ নির্বাচন করতে চায়। ভাইয়া গ্রুপ নির্বাচন করতে চান না। যেকোনভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য খেলা চলছে। তিনি বলেন, ‘আমার শরীরটা বেশি ভালো না। আমি মাঠে নামবো সবাইকে নিয়ে। আমি বলছি না, আমার সঙ্গে সবাই ভালো লোক। আমাদের মধ্যে খারাপ লোক আছে। আমার সামনে সবাই ভালো সাজে। আমার অবর্তমানে কেউ মাদক বেঁচে, জমি সন্ত্রাস করে। আমি কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবো না। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সহ-সভাপতি আশরাফুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীসহ আরও অনেকে।



























