দক্ষ জনশক্তি গড়ে না তুললে চতুর্থ শিল্পবিপ্লবের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না, আর এজন্য মানবসম্পদ উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি কাউন্সিলের (বিইউসি) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি একথা জানান।
গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এসময় বিশ্ববিদ্যালয় পরিচালনা, উন্নত সমৃদ্ধ দেশ গড়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ’সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। এজন্য শিক্ষার্থীদের উপযুক্ত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং তাদের একটু সুযোগ দিলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসতে পারবে।এ’জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।
অন্যের ওপর ভরসা কমিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সাবেক শিক্ষার্থী ও বিত্তশালীদের থেকে আর্থিক ফান্ড গঠন করে সহায়তা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণমূলক কাজের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (প্রাক্তন ছাত্র সমিতির) মাধ্যমে আপনারা (বিশ্ববিদ্যালয়ের) নিজস্ব তহবিল বাড়ান। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশের উন্নয়নে সময়ের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কৃষিজমি রক্ষায় আবারও ১০০ টি অর্থনৈতিক অঞ্চলের বাইরে শিল্প প্রতিষ্ঠান না গড়ার নির্দেশনা সরকারপ্রধানের।




























