নির্বাচনে নিরপেক্ষ আচরণ নিশ্চিতে ৬৪’জেলার ডিসি ও এসপিদের তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর নির্বাচন ভবনে শনিবার তাদের সাথে বৈঠকে বসবে কমিশন। সংসদ নির্বাচনের আগে মাঠের সার্বিক পরিস্থিতি বুঝতে চায় বলে জানিয়েছে ইসি। সেই সাথে নির্বাচনে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পথও আলোচনা হবে বৈঠকে।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের আপত্তি থাকলেও সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির অধীনে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে রয়েছে স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচন।

আগামী ১৭’ই অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। বছরের শেষে রংপুর সিটিতে ভোট। আর আগামী বছর আরও ৫ সিটিতে রয়েছে নির্বাচন। সংসদ নির্বাচনের আগে এসব ভোটের মাধ্যমেই আস্থা অর্জন করতে চায় কমিশন। মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে শনিবার ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ডেকেছে ইসি।

সংসদ নির্বাচনের এক বছরেরও বেশি সময় বাকি থাকলেও রাজনীতির মাঠে ছড়াচ্ছে উত্তাপ । তাই শনিবারের বৈঠকে প্রশাসনকে কড়া সতর্কতা জানাতে চায় ইসি। বিশেষ করে হয়রানিমূলক মামলা বন্ধের নির্দেশনা থাকবে বৈঠকে। শনিবারের ইসির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পুলিশের মহাপরিদর্শকেরও যোগদানের কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে