জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতর্কিত হামলার কারণে ব্যবসায়ী খুন হয়েছেন। তার নাম মোঃ মহসীন সরকার (৩৫)। মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম ছেলে।আর এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ৭টার দিকে।মো. মহসিন বিডি ফুডসসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ছিল। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন।
মহসীনের সঙ্গে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তারা রাধানগর থেকে খলাপাড়া যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মহসীন। এ সময় পাঁচ-ছয়জন এসে মহসীনের ওপর অতর্কিত হামলা চালান। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, কিছুদিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়। হাসপাতালে থাকা মহসীনের বাবা শহিদুল ইসলাম গায়ে লেগে থাকা রক্ত দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার জন্য তিনি আরিফকে দায়ী করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার রায় জানান, মহসীনের বুকে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, তিনি ঘটনাস্থলে আছে। ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























