বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে, প্রতিষ্ঠানটির নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়সাল নেপালে ১২ মার্চের মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ফয়সাল বেঁচে আছেন কিনা, এ নিয়ে বিপরীতমুখী তথ্যের কারণে টেলিভিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ নিশ্চিত হতে কিছুটা সময় নেয়। অবশেষে মঙ্গলবার বিকেলে নিজেদের পাঠানো সাংবাদিকদের এবং ফয়সালের স্বজনের দেয়া নিশ্চিত তথ্যের ভিত্তিতে টেলিভিশন কর্তৃপক্ষ তাদের সহকর্মী ফয়সালের মৃত্যুর বিষয় অবগত হয়।

পেশায় সাংবাদিক, কিন্তু তার নেশায় ছিলো ভ্রমণ। কাজের ভীড়ে ফাঁক পেলেই দেশের ভেতর কিংবা বাইরে ঘুরতে যেতেন প্রাণোচ্ছ¡ল আহমেদ ফয়সাল। স¤প্রতি কাজের ভীড়েই ছিলেন। সবশেষ চারটি প্রতিবেদন তৈরীর কাজ শেষ করেই ফয়সাল নিয়েছিলেন ৫দিনের ছুটি। ১১ মার্চ রোববার থেকে শুরু হয় তার ছুটি। ১২ মার্চ অপরাহ্নে বৈশাখী টেলিভিশনের সংবাদ কক্ষে খবর আসে নেপালে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হবার।

তখনও বৈশাখী টেলিভিশনের কোন সহকর্মী জানতেন না, সেই উড়োজাহাজটির ভেতরেই ছিলেন তাদের প্রিয় সহকর্মী সদা হাসোজ্জ্বল প্রতিবেদক আহমেদ ফয়সাল। সোমবার সূর্যাস্তের পর যখন সন্ধ্যার আঁধার নামতে শুরু করে তখনই সংবাদ কক্ষে সহকর্মীদের মুখ আঁধার করে দেয়া ভয়ংকর খবরটি আসে। বিধ্বস্ত উড়োজাহাজটির যাত্রী তালিকায় আহমেদ ফয়সালের নাম ও পাসপোর্ট নাম্বার খুঁজে পান সহকর্মীরা।এভাবেই সহকর্মীরা প্রথম জানতে পারেন ছুটিতে ফয়সাল নেপাল যাচ্ছিলেন। সেই চরম উদ্বেগের ক্ষণ শুরু হয় বৈশাখীর সংবাদ কক্ষ ও ফয়সালের স্বজনদের পরিবারে।

তারপর শুধুই একের পর এক বিপরীতমুখী খবর, ফয়সাল বেঁচে আছেন কি নেই। হাসপাতালের চিকিৎসাধীন আহতদের নামের তালিকায় তার নাম নেই, কিন্তু তার বয়সী এক অজ্ঞাত যুবকের উলে­খ আছে। আবার ছবিতে অন্য এক আহতের চেহারার সাথে যেনো আছে ফয়সালের মিল। কিন্তু এরপর একের পর এক আনুষ্ঠানিক ঘোষণায় ফয়সালের নাম ভাসতে থাকে নিহতের তালিকায়। মন মানেনা তাই আরো নিশ্চয়তা চাই। বৈশাখী টেলিভিশন মঙ্গলবার সকালে নেপালে পাঠায় দুই জেষ্ঠ্য সাংবাদিক মিঠুন মোস্তাফিজ ও হাবিবুর রহমানকে। ফয়সালের এক মামাও যান নেপালে। তাদের অনুসন্ধানের পর যে খবর আসে তা সহকর্মীদের ভালো কিছু খবর শুনবার শেষ অপেক্ষাকে চুরমার করে দেয়।

স্বাভাবিকভাবেই ফয়সালের অকাল প্রয়াণের নিশ্চিত খবর বুক ভাঙ্গা কান্নায় ভাসায় পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্খি ও সহকর্মীদের।প্রতিবেদক আহমেদ ফয়সালের প্রতি শ্রদ্ধা জানাতে বৈশাখী টেলিভিশন কিছু কর্মসূচি হাতে নিয়েছে। যা শীগগিরি গণমাধ্যম ও ফয়সালের পরিবার, স্বজন এবং শুভাকাঙ্খিদের অবহিত করা হবে।

সুত্ত্রঃ বৈশাখী নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে