১৮ ফেব্রুয়ারি ২০১৮ বেলা ১২টায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের সম্মেলন কক্ষে নাগরিক টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘শ্বশুর আলয় মধুর আলয়’এর পরিচিতি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।

আলোকচিত্রীঃ সাদমান রহমান সৌমিক

আরও উপস্থিত ছিলেন নাটকটির লেখক আনিসুল হক, ডিরেক্টরস গিল্ডস-এর সভাপতি গাজী রাকায়েত ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহীদ রেজা নুর। নাটকের অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম,আদনান ফারুক হিল্লোল, রাহুল আনন্দ, মৌটুসি বিশ্বাস, সাদিয়া জাহান প্রভা ও অপর্না ঘোষ। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক জুটন চৌধুরির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। জুটন চৌধুরি ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।সংবাদ সম্মেলন শুরুর আগে ধারাবাহিক নাটক শ্বশুর আলয় মধুর আলয় নাটকের চুম্বক অংশ প্রদর্শন করা হয়।

ছবিঃ নাগরিক টিভি

গল্প সংক্ষেপ:
চৌধুরি পরিবার। ঢাকার এক ক্ষয়িষ্ণু সম্ভ্রান্ত পরিবারের গল্প। আলেয়া চৌধুরি মাটি কামড়ে পড়ে থাকা এই পরিবারের শেষ প্রতিনিধি। এককালে চৌধুরি বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পায়ে হেঁটে যাবার সাহস করত না। সেই পরাক্রম, সেই শৌর্য আজ আর কিছুমাত্র অবশিষ্ট নেই।একান্নবর্তী এই পরিবারের ছেলেরা তাই সময়ের প্রয়োজনে মনোনিবেশ করেছে গার্মেন্টস ব্যবসাতে। বাবলু বড় ছেলে। আদুরে স্ত্রী বুলবুলি, আর দুই ছেলেমেয়ে পাইলট আর ভোরকে নিয়ে তার গোছানো সংসার। একই বাড়িতে থাকে ছোট ছেলে মাবলু।

ছবিঃ নাগরিক টিভি

স্ত্রী মুক্তার কুটনামোর প্যাচ সামলাতে যার কেটে যায় পুরোটা সময়।শিউলি বড় মেয়ে। চৌধুরি পরিবারের ঐতিহ্য অনুসরণ করে তার জামাই শাহেদ ঘরজামাই থাকে একই বাড়িতে। বাড়ির ছোটো মেয়ে টগর এক ব্যতিক্রমী কাজ করে বসে যা পরিবারের ঐতিহ্যের সাথে যায় না। সে হাসিব নামে এক গানপাগল ছেলেকে ভালবেসে ফেলে। এদিকে আলেয়া চৌধুরি টগরের জন্য ঠিক করে তার পছন্দমত কলিম আলি নামে এক ছেলেকে।সমস্যার শুরু এখান থেকেই।

নানা হাস্যরসাত্মক কাণ্ড এবং কখনও কখনও নিষ্ঠুর বাস্তবতায় গল্প এগোতে থাকে চৌধুরি পরিবারের।
এরপর স্বাগত বক্তব্যে নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার বলেন, নাগরিক টিভি নিজেকে দেশের বর্তমান কোনো চ্যানেলের প্রতিদ্বন্দ্বী মনে করে না, নাগরিক টিভির লড়াই বিদেশি আকাশ সংস্কৃতির সঙ্গে। টিভি দর্শকদের চাহিদা স¤পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দর্শকরা অন্য দেশের চ্যানেল দেখেন কিন্তু পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটির সঙ্গেই তাদের ভালবাসা হয়। তাই নাগরিক টিভি আমাদের নিজেদের জীবনের গল্পই এ নাটকে তুলে ধরেছে, যা দর্শক অবশ্যই গ্রহণ করবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। তিনি সঞ্চালনার ফাঁকে ফাঁকে নাটক তৈরির পেছনের অনেক গল্প সাংবাদিকদের সামনে তুলে ধরেন। নাটকের অংশবিশেষ দেখে নিজের ভাল লাগার কথা জানান জ্যেষ্ঠ সাংবাদিক জাহীদ রেজা নুর। তিনি বলেন নাটকটি তার কাছে সাবলীল লেগেছে। নাটকে আমাদের জীবনের গল্পই উঠে এসেছে, অন্য দেশের ধারাবাহিক নাটককে অনুকরণ করা হয়নি, এর জন্য তিনি নাটকের লেখক, কলাকুশলী ও নাগরিক টিভিকে ধন্যবাদ দেন।

ডিরেক্টরস গিল্ডস-এর সভাপতি গাজী রাকায়েত বলেন, শ্বশুর আলয় মধুর আলয় নাটকটি দেখে তার
কাছে এটি নিছক কমেডি নাটক মনে হয়নি। সংলাপের গভীরতা ও কলাকুশলীদের অভিনয় দক্ষতার
জন্য তিনি নাটকটির লেখক আনিসুল হকসহ সবাইকে ধন্যবাদ দেন। তিনি আরও বলেন, ধারাবাহিক
নাটক আবারও কিভাবে জনপ্রিয় করা যায় তা সবাইকে নতুন করে ভাবতে হবে। দর্শক আমাদের
নাটক না দেখার কারণ হিসেবে তিনি ইন্ডাস্ট্রির বিশৃংখলাকে দায়ী করেন।অভিনেত্রী দিলারা জামান নাটকের শুটিং চলাকালীন স্মৃতিচারণ করে বলেন তার দৃঢ় বিশ্বাস, দর্শক নাটকটি অবশ্যই গ্রহণ করবে।

শ্বশুর আলয় মধুর আলয় নাটকের লেখক আনিসুল হক বলেন, নাটকের সফলতার পেছনে লেখকের চেয়ে পরিচালকের ভূমিকা বেশি। তিনি নাটকটির পরিচালক আলভী আহমেদকে ধন্যবাদ জানান, কারণ তিনি নিজগুণে নাটকটি চমৎকার করে তুলেছেন। তিনি আশা প্রকাশ করেন, যেহেতু দর্শক নাটকে নিজের জীবন দেখতে পাবেন, তাই তারা নাটকটি অবশ্যই গ্রহণ করবেন।সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে