রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে তৃতীয় দিনের মতো ফি কমানোর দাবিতে আন্দোলন। আজ ২৯ অক্টোবর (শুক্রবার) সকাল ৯ টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই আন্দোলন। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো, প্রতি সেমিস্টারের বেতন ১২০০ টাকার বদলে ৬০০ টাকা, কেন্দ্রীয় ক্রীড়া ও সংস্কৃতি ২০০ টাকার বদলে ২০ টাকা, ছাত্র কল্যাণ ১৫০ টাকার বদলে ৫০ টাকা, আইডি কার্ড ৪০০ এর বদলে ৫০, চিকিৎসা ফি ২০০ এর বদলে ৫০, পরিবহন ফি ৬০০ এর বদলে ৩০০, রোভার স্কাউটস ও বিএনসিসি ১০০ এর বদলে ৪০, সিলেবাস ১৫০ টাকার বদলে ৫০ টাকা করতে হবে। আর কম্পিউটার ও ইন্টারনেট, স্টুডেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, বিভাগ উন্নয়ন, কেন্দ্র ফিসহ সকল অমূলক ফি বাতিল করতে হবে। এছাড়া প্রতি ক্রেডিট ফি ৫০, প্রবেশপত্র ফি ৫ টাকাসহ হলের সিট ভাড়া ৭৫ এবং সংস্থাপন ফি ৭৫ টাকা করতে হবে।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে বিকাল ৪ টা নাগাদ উপাচার্য ড. এ কিউ এম মাহবুব সাক্ষাত করতে এসে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের ১৮ দফা দাবির মধ্যে কিছু কিছু তোমাদের অধিকার, সেগুলো দাবি করার কিছুই নাই, ওগুলো এমনি মেনে নেয়া হবে। আর কিছু দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করে মেনে নিয়েছেন। বাকি যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই সেগুলো ইউজিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।” উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, “ইউজিসি থেকে আমাদের অনুদান কম দেয়া হয় আমরা আরো অনুদানের অধিকার রাখি। আমি ইউজিসি কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত অনুদানের দাবি করব তাতে করে তোমাদের বিভিন্ন ফি কমে যাবে। আমরা জাতির জনকের নামাঙ্কিত গোপালগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়, আমাদের যৌক্তিক অনুদান প্রদান করতে ইউজিসি কর্তৃপক্ষ বাধ্য।”

এসময় তিনি আরো বলেন, “তোমরা ক্লাসে ফিরে যাও, পরীক্ষায় অংশগ্রহণ করো। এখন কোন ফি দেয়ার প্রয়োজন নেই, ইউজিসি থেকে সিদ্ধান্ত পাওয়ায় পরে সকল ফি প্রদান করবে।” উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে বিজয় দিবস হলের সম্মুখে শিক্ষা সংশ্লিষ্ট ফি এর নোটিশের প্রতিবাদে প্রথম আন্দোলনের সূচনা করে আজ তৃতীয় দিনের মতো অন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে