মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের চাঞ্চল্যকর শহিদুল হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান খন্দকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার জোড়গাছা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২০ সালের ৭ জানুয়ারি রাতে শহিদুল ইসরামকে (২৫) খুন করা হয়, তিনি শেরপুর উপজেলার সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শহিদুলের স্ত্রী সালমা আক্তারের সঙ্গে শাহিন খন্দকার নামে এক যুবকের পরকীয়ার জের এই হত্যাকাণ্ড সংঘটিত হয় মর্মে নিহতের বড় ভাই নজরুল ইসলাম ৪ জনকে আসামি করে ২০২০ সালের ১০ জানুয়ারি শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই রুম্মান হাসান এজাহারনামীয় দুই জন আসামিকে অব্যাহতি দিয়ে এজাহারনামীয় অপর দুইজন আসামি এবং তদন্তে অভিযুক্ত আরও ৪ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মে অভিযোগপত্র দাখিল করেন। এজাহারনামীয় দুই জন আসামিকে অব্যাহতি দেওয়ার কারণে বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্ত করে রিপোর্ট প্রদান করতে সিআইডি বগুড়া জেলাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর মামলাটি সিআইডি অধিগ্রহণ করে তদন্তকারী অফিসার হিসাবে সিআইডি বগুড়া জেলার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানকে নিযুক্ত করেন।
সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞানভিত্তিক তদন্ত করে ৭ অক্টোবর রাতে শেরপুর থানাধীন জোড়গাছা ব্রিজ এলাকা থেকে মামলার মূল হোতা হাফিজুর রহমান খন্দকারকে (৪৫) গ্রেফতার করেন। সিআইডি বগুড়া জেলার একটি বিশেষ টিম আসামিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























